আমদানি ব্যয়ের অংশ হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ অর্থ পরিশোধের ফলে দেশের গ্রস (মোট) রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ (BPM6) পদ্ধতি অনুযায়ী হিসাব করলে বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।
এদিকে, সব ধরনের স্বল্পমেয়াদি ও সম্ভাব্য বৈদেশিক দায়-দেনা বাদ দিয়ে হিসাব করা নিট (ব্যবহারযোগ্য) রিজার্ভ বর্তমানে রয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আমদানি-রপ্তানি লেনদেন নিষ্পত্তির একটি আন্তঃআঞ্চলিক ব্যবস্থা। এই ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পন্ন হওয়া বাণিজ্যের অর্থ প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়।
বর্তমানে আকুর সদস্য দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
অর্থনীতিবিদদের মতে, আকুর বিল পরিশোধের পর রিজার্ভ সাময়িকভাবে কমে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে রপ্তানি আয়, প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং বৈদেশিক ঋণ ও বিনিয়োগের প্রবাহের ওপর আগামী দিনে রিজার্ভের অবস্থান নির্ভর করবে।
প্রতিবেদকের নাম 




















