নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি লেয়ার মুরগির খামারের বর্জ্যের তীব্র দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে রাখায় স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও ফসল উৎপাদন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর থেকে ৬–৭ কিলোমিটার দূরে চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা চরকবন চারমাথা এলাকায় কয়েক বছর আগে নর্থ পোল্ট্রি (প্রা.) লিমিটেড নামে একটি লেয়ার খামার গড়ে ওঠে। খামারের পাশের পুকুরে মুরগির বিষ্ঠা ভাসতে দেখা যায় এবং খোলা জায়গায় বিপুল পরিমাণ বর্জ্য স্তূপ করে রাখায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
স্থানীয় কৃষক তোফায়েল মিয়া বলেন, দুর্গন্ধের কারণে জমিতে কাজ করাই কঠিন হয়ে পড়েছে। জীবিকার তাগিদে বাধ্য হয়ে কাজ করতে হলেও পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, দুর্গন্ধের কারণে আগে যে সড়ক দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করতেন, এখন অনেকেই সেই পথ এড়িয়ে চলছেন। খামারের আশপাশের বাসিন্দারা কিশোরগঞ্জ থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।
খামারের ম্যানেজার সিরাজ মিয়া দুর্গন্ধের বিষয়টি স্বীকার করে জানান, খামারে প্রায় ১ লাখ ৭০ হাজার লেয়ার মুরগি রয়েছে। প্রতিদিন দুই থেকে তিন টন বিষ্ঠা উৎপন্ন হয়। দুর্গন্ধ কমাতে বায়োগ্যাস প্ল্যান্ট ও কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে।
চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (যাদু মিয়া) বলেন, খামারের কারণে কয়েক হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বিষয়টি একাধিক দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব বলেন, মুরগির বিষ্ঠায় থাকা বিভিন্ন জীবাণু ডায়রিয়া, জ্বর, বমিসহ নানা রোগের কারণ হতে পারে। এছাড়া বিষ্ঠা থেকে জন্ম নেওয়া ছত্রাক শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকিও বাড়ায়।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম বলেন, দুর্গন্ধের কারণে কৃষকদের জমিতে কাজ করতে সমস্যা হচ্ছে, যা ফসলের পরিচর্যা ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, বিষয়টি তার আগে জানা ছিল না। এখন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 




















