চাঁদপুরে দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাইকে নিয়ে শহরে যাচ্ছিলেন
নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন মাহীনুরের ভাই হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের তপাদার বাড়ির মৃত পনু মিয়ার ছেলে মো. ইউনুছ (২৮)। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অটোরিকশাকে অতিক্রমের সময় সংঘর্ষ
স্থানীয়রা জানান, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেবপুর এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।
ট্রাকচালক-হেলপার আটক
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 
























