ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে স্টোরি দেওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিরব পোদ্দার (১৮) নামে এক তরুণ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিরব পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া চৌকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার প্রায় ১৯ ঘণ্টা আগে রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চির বিদায় পৃথিবী’ লিখে একটি স্টোরি পোস্ট করেন নিরব। পরদিন দুপুরে বন্ধুর ইয়ামাহা এফজেড মোটরসাইকেল নিয়ে ইউসুফ (১২) নামে এক কিশোরকে সঙ্গে নিয়ে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন তিনি।
পথে চরখাগুটিয়া এলাকায় বিপরীত দিক থেকে নাওডোবার দিকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিরব ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা ইউসুফ ছিটকে রাস্তার পাশের পানিতে পড়ে গুরুতর আহত হয়।
ইউসুফ একই এলাকার মামুন মাদবরের ছেলে। এ ছাড়া সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী মিম (২০) ও মলিনাও আহত হন। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, নিরবকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। ইউসুফ গুরুতর আহত ছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে। পাশাপাশি পালিয়ে যাওয়া চালককে শনাক্তের চেষ্টা চলছে।
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সিএনজি চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 
























