জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; বরং দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আতিকুর রহমান রুমন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের অবদান খাটো করার অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকা উচিত।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবে তারা কখনো ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে আন্দোলনের একক কৃতিত্ব দাবি করেননি।
তিনি আরও বলেন, “নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে তারা একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।”
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মোটরসাইকেল ও গাড়িতে করে তাকে এবং বিএনপির অন্যান্য নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, দেশের দুঃসময়ে সাংবাদিকদের এই অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রতিবেদকের নাম 




















