হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে কথা বলে এ আহ্বান জানান।
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ ও সেসব জাহাজের নাবিকদের লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ভারত সবসময় সমুদ্রপথে বাণিজ্যিক নৌযান ও নাবিকদের নিরাপত্তার পক্ষে এবং এ ধরনের হামলার বিরোধিতা করে।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় তেহরানের অবস্থান তুলে ধরেন। জবাবে জয়শঙ্কর বলেন, সংকট সমাধানে ভারত সবসময় সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে।
অন্যদিকে, আরাগচিও টেলিগ্রামে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। তিনি জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন নাবিক ছিলেন।
সূত্র: এএনআই
প্রতিবেদকের নাম 

















