
গাজায় যুদ্ধকালীন অভিজ্ঞতার স্মৃতি শেয়ার করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফিলিস্তিনি যুবকের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন এক ইসরায়েলি সেনা। ছবিটির সঙ্গে “বিক্রির জন্য” লেখা ক্যাপশন যুক্ত থাকায় ঘটনাটি আন্তর্জাতিকভাবে সমালোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হারেল আমর্শিকা নামের ওই সেনা গত বছরের ১৮ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে যুদ্ধের অভিজ্ঞতা, দীর্ঘ সময়ের সংঘাত ও সহযোদ্ধাদের নিয়ে বিভিন্ন মন্তব্যও ছিল।
পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, সাদা হ্যাজম্যাট স্যুট পরা এক ফিলিস্তিনি যুবককে হাত-পা বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে। তার চোখ বাঁধা ছিল এবং ছবির ওপর “বিক্রির জন্য” লেখা ছিল। পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়। তবে স্ক্রিনশট ও আর্কাইভ কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক (গ্ল্যান) জানায়, গাজার বাসিন্দা জহরা শোরাব ছবির ওই ব্যক্তিকে তার নিখোঁজ ছেলে মোহাম্মদ শোরাব হিসেবে শনাক্ত করেছেন। পরিবারের দাবি, ২০২৪ সালের আগস্টে নামাজে যাওয়ার পর থেকে মোহাম্মদ নিখোঁজ রয়েছেন।
মোহাম্মদের মা বলেন, একজন মানুষকে এভাবে “বিক্রির জন্য” উপস্থাপন করা অত্যন্ত অমানবিক ও অপমানজনক। তিনি প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিদের জীবন কি এতটাই মূল্যহীন হয়ে গেছে যে তাদের এভাবে দেখানো হচ্ছে?
পরে মানবাধিকার সংস্থা হামোকেডের মাধ্যমে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে মোহাম্মদের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ নামে কাউকে আটক রাখার তথ্য নেই এবং ছবির ব্যক্তিকে নিশ্চিতভাবে শনাক্ত করাও সম্ভব হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট সেনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিবেদকের নাম 
























