বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগ আরও সহজ এবং সুশৃঙ্খল করতে নতুন ভিসা নীতিমালা অনুমোদন করেছে সরকার। নতুন নীতিমালায় ভিসার শ্রেণি ৩৩টি থেকে বাড়িয়ে ৩৪টি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা নীতিমালা ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়া সহজ করা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ব্যবসা এবং দক্ষ জনশক্তি আকৃষ্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারের নতুন এই উদ্যোগের মাধ্যমে পর্যটন ও আতিথেয়তা খাতকে আরও উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর বাড়ানো এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পেয়েছে। পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যও রয়েছে সরকারের।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০০৬ সালের ভিসা নীতিমালায় ৩৩টি ভিসা শ্রেণি ছিল। নতুন নীতিমালায় এর সঙ্গে আরও একটি শ্রেণি যুক্ত করে সংখ্যা ৩৪টি করা হয়েছে।
নতুন নীতিমালা কার্যকর হলে আগের সব ভিসা-সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো চালু করা হবে।
নীতিমালা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে কাজ করবে।
প্রতিবেদকের নাম 




















