ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ৭৩ বছর বয়সী এই কোচ নিজের সিদ্ধান্তের কথা জানান।
এপ্রিলে স্বল্পমেয়াদি চুক্তিতে ঘানার দায়িত্ব নেন কুইরোজ। মার্চের আন্তর্জাতিক বিরতির পর অটো আদ্দোর স্থলাভিষিক্ত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে ব্ল্যাক স্টারস গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয়। তবে নকআউট পর্বে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।
বিদায়ী বার্তায় কুইরোজ বলেন, জীবন ও ফুটবল মানুষকে শেখায়—হয় জিততে হয়, নয়তো শিখতে হয়। তিনি জানান, এই যাত্রা নিয়ে গর্বিত হলেও আরও বড় কিছু অর্জনের আকাঙ্ক্ষা তার মধ্যে রয়ে গেছে।
তিনি আরও বলেন, ঘানার ফুটবলের ভবিষ্যৎ শুধু মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। দেশের প্রতিভাবান ফুটবলারদের সঠিকভাবে গড়ে তোলা, পরিচর্যা করা এবং উন্নয়নের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি।
কুইরোজের অধীনে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল ঘানা। টুর্নামেন্ট চলাকালে তার চুক্তি নবায়নের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই কোচ।
বিদায়ী বার্তায় তিনি ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রত্যাশিত ফল না এলেও বিশ্বমঞ্চে ঘানার সম্মান ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে দল সফল হয়েছে।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবলে কুইরোজের কোচিং ক্যারিয়ারের ২৬৫তম ম্যাচ। আন্তর্জাতিক পর্যায়ে এর চেয়ে বেশি ম্যাচে কোচিং করিয়েছেন মাত্র দুজন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৪২টি আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছেন।
আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের আগে নতুন প্রধান কোচ নিয়োগ দিতে হবে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনকে।
প্রতিবেদকের নাম 




















