সপ্তাহের প্রথম কর্মদিবসের ভোর থেকে রাজধানীতে টানা মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে সড়ক, অলিগলি ও ফুটপাতে পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২ এবং মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা যায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত অনেক এলাকায় সড়ক ও ফুটপাত পানির নিচে তলিয়ে থাকায় পথচারীদের সড়ক দিয়েই চলাচল করতে হয়েছে।
বৃষ্টির মধ্যেই অনেককে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। ছাতা ব্যবহার করেও পুরোপুরি স্বস্তি মেলেনি, কারণ জমে থাকা পানির কারণে পোশাক ও জুতা ভিজে গেছে। এতে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ভোগান্তি আরও বেড়েছে।
জলাবদ্ধতার কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। পানির মধ্যে দিয়ে যানবাহন চলার সময় সৃষ্ট ঢেউয়ে পথচারীদেরও অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হয়েছে।
এদিকে শেওড়াপাড়ার মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শাখা-৩-এর সামনের সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চলমান অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়। অভিভাবকদের অনুরোধের পর শিক্ষা প্রতিষ্ঠানটির শেওড়াপাড়া শাখা-৩-এর সেদিনের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 




















