
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেলেও বিশ্বকাপের সম্পূর্ণ পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান।
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তাকে ফিরিয়ে দেওয়া হয়।
এক মার্কিন কর্মকর্তার বরাতে দাবি করা হয়, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্ভাব্য সম্পর্কের কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তবে আরতান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার কাছে বৈধ কাগজপত্র ছিল এবং তিনি শুধু বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করতে এসেছিলেন।
পরে ফিফার সহায়তায় তাকে তুরস্ক হয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। যদিও তিনি এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ পরিচালনা করতে পারেননি, তবুও ফিফা তাকে পুরো টুর্নামেন্ট ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
৩৪ বছর বয়সী এই রেফারি ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা রেফারি নির্বাচিত হন এবং ইতোমধ্যে ইউরোপীয় ও আফ্রিকান বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন।
এ ঘটনার পরও তিনি ভবিষ্যতে ২০৩০ বিশ্বকাপে দায়িত্ব পালনের আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 


























