ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক বাহিনীর নতুন বিমান হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং।
বুধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক ব্রিফিংয়ে বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।
লিন জিয়ান বলেন, উত্তেজনা বাড়ায় এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়।
এর প্রতিক্রিয়ায় বুধবার ভোরে ইরানের সামরিক সদর দপ্তর দক্ষিণ ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়ে অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।
পাল্টাপাল্টি এই সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কূটনৈতিক সমাধানের আহ্বান
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটন তেহরানের দৃঢ় অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
এমন প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের মতে, একটি দ্রুত, ব্যাপক ও টেকসই যুদ্ধবিরতিই বর্তমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর পথ।
প্রতিবেদকের নাম 


























