রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেন, যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার চতুর্মুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদপুরের ধুলদি পাওয়ার প্লান্ট থেকে একটি মালবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের প্রথম ইঞ্জিন কয়েকটি বগি নিয়ে রেললাইন অতিক্রম করার পর রেলগেটের ব্যারিয়ার তুলে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন থাকা বগিগুলোর সঙ্গে মহাসড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাহিন্দ্রার সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পথে মনোয়ার পাটোয়ারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের মৃত্যু হয়। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























