মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি দুই নেতার টেলিফোন আলাপের সময় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং সেখান থেকে সেনা সরিয়ে নেওয়াই হবে উত্তম। একই ধরনের বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।
জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন, তাই সেনা প্রত্যাহারের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তার সরকার।
বিশ্লেষকদের মতে, সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি থাকায় নেতানিয়াহুর পক্ষে সিরিয়া বা লেবানন থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। তবে ট্রাম্পের এই আহ্বান ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। যদিও ইসরায়েল এখনো প্রতিশ্রুত দুটি এলাকা থেকে সেনা সরায়নি।
এদিকে, হোয়াইট হাউস বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
প্রতিবেদকের নাম 















