এসএসসি পরীক্ষায় এবারও দুর্দান্ত ফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটির পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এ তথ্য জানান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে প্রতিষ্ঠানটি। প্রায় প্রতিবছরই বোর্ড পর্যায়ে সেরা ফলের তালিকায় জায়গা করে নেয় বিদ্যালয়টি।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষকদের নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার মতো নিয়মিত কার্যক্রম তাদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এবারের ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক ও অভিভাবকরাও। তাদের মতে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লার উদ্যোগ ও প্রচেষ্টার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে।
আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই তিনি ও তার স্ত্রী নাসিমা বেগম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এবারের সাফল্য তিনি নরসিংদীবাসীকে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলেই ভালো ফল অর্জন সম্ভব। ভবিষ্যতে নরসিংদীর আরও শিক্ষা প্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিবেদকের নাম 



















