
লিওনেল মেসিকে দলে ভেড়াতে একসময় ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইন্টার মিলান। তবে বার্সেলোনার সঙ্গে গভীর সম্পর্কের কারণে সেই প্রস্তাব গ্রহণ তো দূরের কথা, চিঠিটিও খুলে দেখেননি আর্জেন্টাইন তারকা—এমন দাবি করেছেন ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মোরাত্তি জানান, ২০১২ সালে মেসিকে দলে নিতে ইন্টার বড় ধরনের আর্থিক ঝুঁকি নিতেও প্রস্তুত ছিল। এ উদ্দেশ্যে বার্সেলোনায় ক্লাবের একজন প্রতিনিধিকেও পাঠানো হয়েছিল।
মোরাত্তির দাবি, মেসির কাছে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠানো হলেও তিনি সেটি খোলার প্রয়োজন মনে করেননি। প্রস্তাবের বিস্তারিত না জেনেই তা ফিরিয়ে দেন মেসি।
পরে মেসির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান মোরাত্তি। তখনও মেসি নিজের অবস্থান স্পষ্ট করে জানান। তিনি বার্সেলোনাতেই পুরো ক্যারিয়ার কাটাতে চান বলে মোরাত্তিকে জানিয়েছিলেন।
মোরাত্তির কাছে মেসিকে পাওয়ার এই প্রচেষ্টা ছিল অর্থের বিনিময়ে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক সম্পর্কে তিনি জানতেন। তবু রেকর্ড অঙ্কের প্রস্তাব পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করেছিলেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি।
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর ক্লাবটির হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন মেসি এবং জিতেছেন একের পর এক শিরোপা। তার সময়েই বার্সেলোনা ক্লাব ইতিহাসের অন্যতম সফল সময় পার করে।
তবে ২০২১ সালে আর্থিক ও চুক্তিগত জটিলতার কারণে বার্সেলোনার সঙ্গে মেসির দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন। দুই মৌসুম ফরাসি ক্লাবটিতে খেলার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি।
প্রতিবেদকের নাম 



















