পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে আগামী অক্টোবর থেকে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, কয়েকটি চালানে আকাশপথে এসব জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি কয়েকটি ফ্লাইটে করে বাংলাদেশে পাঠানো হবে। অক্টোবর থেকে শুরু হওয়া এই সরবরাহ প্রক্রিয়া ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই সময় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির ‘গ্র্যাজুয়েশন’ সনদ হস্তান্তর করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পটির দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল শাখা।
প্রতিবেদকের নাম 




















