
রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের অভিযোগে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তার পরিবার।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ‘শ্যামলী বেবি কেয়ার’ নামের হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মো. ফারুক অভিযোগ করেন, সন্তানের চিকিৎসা চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এর পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরে তার মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, হাম-পরবর্তী জটিলতা নিয়ে শিশুটি গত পাঁচ দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানান, শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এ সময় শিশুটির বাবার সঙ্গে কথা বলার মুহূর্তে একটি বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায়, অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে এইচডিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হলেও কিছু সময় পর তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গ্যাস লিকেজের ঘটনার পর হাসপাতালে ভর্তি থাকা আরও পাঁচ শিশুকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একই ভবনের ওপরের তলায় অবস্থিত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও ঘটনাস্থলে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। স্বজনরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির বাবা মো. ফারুক জানান, তিনি সন্তানের ময়নাতদন্ত করাতে চান না এবং এ ঘটনায় কোনো লিখিত অভিযোগও দায়ের করবেন না।
ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার