
মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। এবার সেই সুবিধা অনার্স পর্যন্ত সম্প্রসারণ করতে চায় সরকার।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি মেয়েদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই।’
সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করতেই চায় না, যারা ভালো ফল করবে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও করা হবে।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার-এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি বলেন, দেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার