জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুশ্রীর চিঠিতে উল্লেখ করা হারমোনিয়ামটি উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী স্নেহভরে তার সঙ্গে কথা বলেন এবং সংগীতচর্চার বিষয়ে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী অনুশ্রীকে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন হারমোনিয়ামে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে ক্ষুদে এই শিল্পী।
জানা গেছে, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লেখে। চিঠিতে সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানায় সে।
অনুশ্রীর সেই চিঠির পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
অনুশ্রীর বাবা বলেন, মেয়েকে প্রধানমন্ত্রী ডেকে উৎসাহ দেবেন—এটি তারা কখনো কল্পনা করেননি। তিনি জানান, বিভিন্ন সময় মেয়েকে প্রধানমন্ত্রীর মানবিক কার্যক্রম ও মানুষের পাশে দাঁড়ানোর গল্প বলতেন। সেখান থেকেই অনুশ্রীর বিশ্বাস তৈরি হয়, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলে হয়তো তিনি সাড়া দেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হারমোনিয়াম উপহার পেয়ে অনুশ্রী ও তার পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে তাকে এগিয়ে যেতে সাহস দেবে।
প্রতিবেদকের নাম 




















