
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য একমত না হলেও অনেক বিষয় মেনে নিতে হয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল এবং আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল, তাদের কথাও বিবেচনায় রাখতে হয়েছে।
এছাড়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এবার বাজেট ঘোষণার আগে কিংবা পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। আগামী ছয় মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যারা ফতোয়া দিচ্ছেন, তাদের আগে দলটির ১০০ বছরের ইতিহাস জানা উচিত।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, খোঁজ নিয়ে দেখেছি, জামায়াতে ইসলামীর জন্ম ১৯৪১ সালের ২৬ আগস্ট। সে হিসাবে দলটির বয়স ৮৪ বছর; ১০০ বছর পূর্ণ হতে হতে আমি অন্তত বেঁচে থাকব বলে মনে হয় না (সংসদে সমস্বরে হাসি)।
তিনি আরও বলেন, ইতিহাস বলছে, জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল। আর ১৯৭১ সালে আপনারা (জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে) বাংলাদেশও চাননি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার