নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে রাখা ‘রাজু বাহাদুর’ নামের হাতিটি অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে এবং এখনো নিজে দাঁড়াতে পারছে না। তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন জানান, ‘রাজু বাহাদুর’-এর একটি পা ভেঙে গেছে এবং অন্য পায়েও গুরুতর আঘাত রয়েছে। এ কারণে হাতিটি দাঁড়াতে পারছে না। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দল, দেশের কয়েকজন চিকিৎসক এবং শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের পরামর্শে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে হাতিটিকে উদ্ধার করে। সে সময় মো. আতিকুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন হাতিটি বিভিন্ন সড়ক ও বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো বলে অভিযোগ ছিল। উদ্ধার করার পর হাতিটিকে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় স্থানান্তর করা হয়। বর্তমানে হাতিটির বয়স ১০ বছরের বেশি।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় থাকা আরেকটি হাতির আক্রমণে ‘রাজু বাহাদুর’ মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে একটি ক্রেনের সাহায্যে তাকে উদ্ধার করে বালুর ওপর রাখা হয়।
চিকিৎসকদের ভাষ্য, পড়ে যাওয়ার ফলে হাতিটির পা ভেঙে যায়, যা এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসকদের একটি দল আনা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার