ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তাঁর এক পুত্রবধূর রাজকীয় সম্মান ও উপাধি বাতিল করেছেন। ৩৩ বছর বয়সী ওই পুত্রবধূর নাম পেঙ্গিরান রাবিয়াতুল আদাবিয়া। রাজপরিবারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন ‘অশোভন’ আচরণ এবং সুলতানকে অসম্মান করার অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পেঙ্গিরান ঠিক কী ধরনের আচরণ করেছিলেন, সে বিষয়ে ব্রুনাইয়ের রাজপ্রাসাদ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সুলতানের নির্দেশেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।
২০১৫ সালে রাজপুত্রকে বিয়ে
২০১৫ সালে ব্রুনাইয়ের রাজপুত্র আবদুল মালিকের সঙ্গে পেঙ্গিরানের বিয়ে হয়। রাজপ্রাসাদে টানা ১০ দিন ধরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
এই দম্পতির চার মেয়ে রয়েছে। পেঙ্গিরানের রাজকীয় উপাধি ও সম্মান বাতিল করা হলেও তার চার মেয়ের রাজকীয় মর্যাদা ও উপাধি বহাল থাকবে বলে জানিয়েছে রাজপ্রাসাদ।
দীর্ঘদিনের শাসক হাসানাল বলকিয়াহ
মালয়েশিয়ার পাশে অবস্থিত ব্রুনাই আয়তনে ছোট হলেও তেল ও গ্যাসসম্পদের কারণে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত। ১৯৮৪ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই হাসানাল বলকিয়াহ দেশটির সুলতান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই শাসক ব্রুনাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব রাখেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
প্রতিবেদকের নাম 



















