
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলকে বিদায় জানানোর সময় আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটি সহজ ছিল না বলে জানিয়েছেন এই কোচ।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) ন্যাশনাল ট্রেনিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে নিজের অনুভূতি প্রকাশ করেন পচেত্তিনো। এর কয়েক ঘণ্টা আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে পাশে বসা ইউএস সকারের কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি, এটি আমাদের ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
শেষ দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের দায়িত্বে
বিদায়ী সংবাদ সম্মেলন হলেও যুক্তরাষ্ট্রের ডাগআউটে পচেত্তিনোর দায়িত্ব এখনো শেষ হয়নি। আগামী শনিবার ও মঙ্গলবার কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে হাইতির বিপক্ষে দুটি ম্যাচে দলকে পরিচালনা করবেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব বুঝে নেবেন।
বিদায়ের অনুভূতি জানাতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘এ ধরনের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। সাধারণত উল্টোটা ঘটে—আপনি থাকতে চান, কিন্তু ক্লাব আপনাকে বরখাস্ত করে এবং তখন আপনি কাঁদেন। এটি নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত, তবে একই সঙ্গে পরবর্তী ধাপের জন্য আমরা রোমাঞ্চিত।’
শেষ মুহূর্তে চূড়ান্ত হয় চুক্তি
ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ ও আলোচনার পুরো প্রক্রিয়া খুব দ্রুত এবং শেষ মুহূর্তে সম্পন্ন হয়েছে বলে জানান পচেত্তিনো। গত রোববার প্রথম দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়।
তিনি বলেন, ‘আমরা গত শুক্রবার ক্যাম্পে আসি এবং রোববার বিকেল থেকেই বিষয়টি সামনে আসতে শুরু করে। পুরো প্রক্রিয়ায় আমরা ইউএস সকারের প্রধান নির্বাহী জেটি ব্যাটসন এবং ফেডারেশনের সঙ্গে অত্যন্ত স্বচ্ছ ছিলাম।’
গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করে নিজের সিদ্ধান্ত জানান পচেত্তিনো।
যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা পরিস্থিতিটি দারুণভাবে বুঝেছে। ফেডারেশন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সমঝোতা অনুযায়ী আমি এই ক্যাম্পের বাকি সময়টা দলের সঙ্গেই থাকছি। সামনের দুটি ম্যাচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আমাদের নিষ্ঠায় কোনো ঘাটতি নেই।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার