
প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দে এবার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়েও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কেপ ভার্দের কোচ বুবিস্তা। তার ভাষায়, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’
স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা।
সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে হাজির হয়ে বুবিস্তা বলেন, দলের অর্জনে পুরো কেপ ভার্দে গর্বিত। আর্জেন্টিনা ও লিওনেল মেসির মতো দলের বিপক্ষে খেলার সুযোগকেও তিনি দেশের জন্য বড় সম্মান হিসেবে দেখছেন।
পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার কেপ ভার্দে ফিফা র্যাঙ্কিংয়ে ৬৭তম অবস্থানে থাকলেও এবারের বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ সমতা এবং সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট নিশ্চিত করেছে দলটি।
ম্যাচের ফলাফল নিয়ে এখনই ভাবতে চান না বুবিস্তা। তার মতে, বিশ্বমঞ্চে নিজেদের দেশকে তুলে ধরাই সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, কেপ ভার্দে শুধু নিজেদের নয়, আফ্রিকা এবং বিশ্বের ছোট দেশগুলোর প্রতিনিধিত্ব করছে। দৃঢ়তা ও নিষ্ঠা থাকলে ছোট দেশও বড় স্বপ্ন পূরণ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এখন দেখার বিষয়, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে আরও একটি রূপকথার গল্প লিখতে পারে কি না।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার