
চলতি আগস্ট মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসজুড়ে দেশের ওপর কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয়ও সক্রিয় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলেও জানিয়েছে সংস্থাটি।
ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় মৌসুমি বন্যা দেখা দিতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিও থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, তাপমাত্রা সহনীয় থাকলেও বৃষ্টির বিরতিতে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার আশঙ্কা নেই।
এছাড়া সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও এ দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বাংলাদেশ থেকে দেখা যাবে না।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার