পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; দিনটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিনের ছুটি রাখা হয়েছে। এর আওতায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজও বন্ধ থাকবে।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথক নোটিশের মাধ্যমে বুধবার ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কী এই আখেরি চাহার সোম্বা?
‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।
প্রতিবেদকের নাম 




















