
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে আগামী মাসে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী কার্ড–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা এবং সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডটিতে থাকবে ডুয়াল কারেন্সি সুবিধা, যার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।
সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে একাধিক বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা, ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, গাড়ি বুকিং ও এয়ারপোর্ট পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা, সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ, বেসরকারি হাসপাতালে ছাড়, মৃত্যুর ক্ষেত্রে বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা, পুনর্বাসন ও বিমা সুবিধা, জমি নিবন্ধন ও নামজারিতে অগ্রাধিকার, ইউটিলিটি ও লাইসেন্স সেবা, বৈদেশিক বিনিয়োগে সহায়তা, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ঋণ সুবিধা এবং সহজে অর্থ প্রেরণের সুযোগ।
এছাড়া জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায়ও অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা।
শাহাদাৎ স্বাধীন জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড উদ্বোধন করা হবে। সরকারের লক্ষ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ড–সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসী যেন এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার