
রাজধানীর দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে তাদের টিন ও কাঠের তৈরি বাড়িতে আগুন লাগে। আগুনের শিখা ও ধোঁয়ায় ঘরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দম্পতির চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দম্পতি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করে আনতে সক্ষম হন। তবে সন্তানদের বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত নিজেদের আর রক্ষা করতে পারেননি তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
দোহার থানার পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



























