
ডাকাতির মামলায় কারাদণ্ড এড়াতে আট বছর ধরে বোনের পরিচয়ে আত্মগোপনে ছিলেন তুরস্কের এক ব্যক্তি। চেহারা ও পরিচয় বদলে নারীর ছদ্মবেশে বসবাস করলেও শেষ পর্যন্ত পুলিশের নজরদারি ও আঙুলের ছাপ পরীক্ষায় তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ পায়।
ওই ব্যক্তির নাম তুঘরুল বাশার। ২০১০ সালে সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন। তবে কারাগারে যাওয়া এড়াতে ২০১৮ সাল থেকে আত্মগোপনে চলে যান তিনি। এরপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ।
সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে বাশারকে আটক করা হয়। তবে চেহারায় বড় ধরনের পরিবর্তন এবং নারীর ছদ্মবেশের কারণে প্রথমে তাঁকে শনাক্ত করতে পারেননি পুলিশ সদস্যরা।
তদন্তকারীদের নজরে আসে, বাশারের বোনের বাড়িতে একই পরিচয়ে দুই তরুণীর যাতায়াত রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের ওপর নজরদারি শুরু করেন পুলিশ সদস্যরা। পরে আঙুলের ছাপ পরীক্ষা করে নিশ্চিত হন, তাঁদের একজন আসলে পলাতক আসামি বাশার।
দীর্ঘদিনে বাশারের চেহারায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এ কারণে পুরোনো ছবি দেখে তাঁকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে তিনি মেকআপ ও ছদ্মবেশের আশ্রয় নিয়েছিলেন, নাকি লিঙ্গ পরিবর্তন করেছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারের সময় বাশারের কাছে তাঁর বোনের পরিচয়পত্র পাওয়া যায়। তবে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত করে।
তুরস্কের নাগরিক নিবন্ধন ব্যবস্থায় নিজের নাম বা লিঙ্গ পরিবর্তনের কোনো নথি না থাকায় তাঁকে পুরুষ হিসেবেই কারাগারে পাঠানো হচ্ছে। আট বছর আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত কারাদণ্ড এড়াতে পারলেন না তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার