
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয়।
মঙ্গলবার (২১ জুলাই) দিনভর উদ্ধারকারীরা কাদামাটি ও বিশাল পাথরের স্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালান। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নুরিস্তানের রাজধানী পারুন শহরে স্থানীয় বাসিন্দাদের কাঠের খুঁটি ও খালি হাতে নিখোঁজ স্বজনদের খুঁজতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ওষুধ বিক্রেতা ফরিদ গুল জাহির জানান, জীবনে এত ভয়াবহ বন্যা তিনি আগে দেখেননি। তার ভাষায়, ঘটনাটি যেন ভূমিকম্পের মতো ছিল। চারদিকে মানুষ ও শিশুদের চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ে যেতে পাহাড়ে ওঠার সময় তিনিও আহত হন।
প্রবল বন্যায় পারুন শহরের বহু দোকানপাট কাদার নিচে চাপা পড়েছে। পাহাড় থেকে গড়িয়ে আসা বিশাল পাথরের আঘাতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে একটি বুলডোজার ব্যবহার করা হলেও উদ্ধারকাজের জন্য তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, পারুনের মেয়রসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় স্পোগমাই হোটেলের ব্যবস্থাপক জাকিরুল্লাহ জাকি বলেন, “এটি যেন ঈশ্বরের পক্ষ থেকে নেমে আসা এক ভয়াবহ বিপর্যয়।” তিনি জানান, আশপাশের প্রায় সব হোটেল, বাজার ও দোকানপাট ধ্বংস হয়ে গেছে। তবে তাদের হোটেলটি অক্ষত থাকলেও নিখোঁজ হয়ে যাওয়া তার ছোট ভাইকে পরে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার