
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের কার্যক্রম শেষে আখতারুজ্জামানকে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশ সদস্যরা তার মাথায় হেলমেট পরানোর চেষ্টা করেন। তবে তিনি সেটি খুলে ছুড়ে ফেলেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, “আমি হেলমেট পরব না। আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না! আমি হেলমেট পরব না।”
একপর্যায়ে তিনি বলেন, প্রয়োজন হলে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করবেন, তবুও হেলমেট পরবেন না।
হেলমেট পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আখতারুজ্জামান দাবি করেন, হেলমেট পরা এখন আওয়ামী লীগের একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জোর করে হেলমেট পরানো হচ্ছে।
এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “হাতকড়া পরান, হাতকড়া পরান... ১০০ বার হাতকড়া পরান।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৩৩৮) ঢাকায় আসে। ওই ফ্লাইটে বিপুলসংখ্যক যাত্রী থাকায় লাগেজ পেতে বিলম্ব হয়। একই সময়ে ট্রলির সংকট দেখা দিলে কয়েকজন যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে আখতারুজ্জামান ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দরের ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার আদালতে শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার