
আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় করদাতাদের সুবিধার্থে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দেশিকা অনুযায়ী, পুরো করবর্ষকে তিনটি ভাগে ভাগ করে কর ছাড় ও জরিমানার বিধান নির্ধারণ করা হয়েছে। সাধারণ করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআরের নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ বিশেষ ছাড় বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়ার সুযোগ ছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাস পার হয়ে যাওয়ায় এখন আর এ অতিরিক্ত কর ছাড় নেওয়ার সুযোগ নেই।
বর্তমানে অক্টোবর থেকে ডিসেম্বর সময়কাল চলছে। এ সময়ের মধ্যে নির্ধারিত কর পরিশোধ করে কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করা যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ থাকবে। অন্যদিকে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে রিটার্ন জমা দিলে করদাতাদের অতিরিক্ত জরিমানা ও বাড়তি করের মুখোমুখি হতে হবে। তাই আর্থিক ক্ষতি ও জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
নতুন করদাতা কিংবা যাঁরা প্রথমবারের মতো নিজেরাই আয়কর রিটার্ন প্রস্তুত করতে চান, তাঁদের জন্য এনবিআরের প্রকাশিত ‘আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭’-এর ২৪ থেকে ২৬ পৃষ্ঠায় বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে।
অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে এনবিআরের ই-রিটার্ন পোর্টালে (www.etaxnbr.gov.bd) গিয়ে বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ও টিআইএন ব্যবহার করে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে।
প্রথমে নিজের আয়ের খাতগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এসব খাতের মধ্যে রয়েছে বেতন, গৃহসম্পত্তি, কৃষি, ব্যাংক সুদ বা সঞ্চয়পত্র এবং ব্যবসা থেকে আয়।
এ বছর আগাম কর রেয়াতের সুযোগ না থাকলেও বিনিয়োগ, জীবনবিমা, ডিপিএস, সঞ্চয়পত্র বা শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য উল্লেখ করে আইন অনুযায়ী কর রেয়াত দাবি করা যাবে। এ জন্য সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া ব্যয় ও সম্পদের বিবরণী, জীবনযাত্রার ব্যয় এবং নিজের মোট সম্পদ ও দায়ের সঠিক হিসাব রিটার্নে অন্তর্ভুক্ত করতে হবে।
আয়কর রিটার্ন নির্ভুলভাবে প্রস্তুত করতে আয়ের খাত অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে রাখা জরুরি। যেমন—
গৃহসম্পত্তি থেকে আয়: বাড়ি বা দোকান ভাড়ার চুক্তিপত্র, ভাড়া প্রাপ্তির রসিদ এবং পৌরসভা বা সিটি করপোরেশনের পৌর কর কিংবা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ প্রয়োজন হবে। গৃহঋণ থাকলে ঋণের বিপরীতে পরিশোধিত সুদের ব্যাংক সনদও রাখতে হবে।
ব্যবসা বা পেশা থেকে আয়: সংশ্লিষ্ট বছরের লাভ-ক্ষতির হিসাব, উদ্বৃত্তপত্র এবং ব্যবসায়িক ব্যাংক হিসাবের স্টেটমেন্ট প্রয়োজন।
বিনিয়োগ ও কর রেয়াত: জীবনবিমার প্রিমিয়াম পরিশোধের রসিদ, ব্যাংকে ডিপিএস জমার বার্ষিক সনদ, সঞ্চয়পত্র বা সরকারি সিকিউরিটিজ কেনার রসিদ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে। পাশাপাশি জাকাত ফান্ড বা এনবিআর অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানে অনুদানের প্রমাণপত্রও প্রয়োজন হতে পারে।
প্রথমবার রিটার্ন জমা দিতে গিয়ে অনেক করদাতাই প্রয়োজনীয় নথিপত্র কোথায় পাওয়া যাবে, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেই এসব নথি সংগ্রহ করা যায়।
কর্মস্থলের হিসাব বা মানবসম্পদ (এইচআর) বিভাগ থেকে অর্থবছরের বেতন বিবরণী ও উৎসে কর কর্তনের সনদ নিতে হবে।
যেসব ব্যাংকে অ্যাকাউন্ট, এফডিআর বা ডিপিএস রয়েছে, সেসব ব্যাংকের শাখা কিংবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ থেকে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাবের স্টেটমেন্ট ও কর কর্তনের সনদ সংগ্রহ করা যাবে। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ই-মেইলেও এসব নথি পাঠায়। না পেলে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে চাইতে হবে।
সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে করের সনদ পাওয়া যাবে যে শাখা বা ডাকঘর থেকে সঞ্চয়পত্র কেনা হয়েছে, সেখান থেকে। জীবনবিমার প্রিমিয়াম পরিশোধের রসিদ সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট বিমা কোম্পানির স্থানীয় শাখা থেকে।
অন্যদিকে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সনদ পাওয়া যাবে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক কিংবা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছ থেকে। এ ক্ষেত্রে বিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা বিনিয়োগের বিবরণী সংগ্রহ করতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার