আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ ঐতিহাসিক স্ট্রানক্যালি প্রাসাদ কিনেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত গথিক ধাঁচের এই প্রাসাদ ও এর আশপাশের ১৭৮ হেক্টর জমি তারা পারিবারিক আবাস হিসেবে ব্যবহার করবেন।
এই সম্পত্তির প্রকৃত মূল্য প্রকাশ করা হয়নি। তবে আইরিশ টাইমসের হিসাবে, প্রাসাদ ও জমির মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে।
১৮৩০ সালে সাবেক কনজারভেটিভ এমপি জন কেইলির জন্য স্ট্রানক্যালি ক্যাসেল নির্মাণ করা হয়। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইনের নকশায় তৈরি এই ঐতিহাসিক প্রাসাদটি আয়ারল্যান্ডের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনগুলোর একটি।
জাকারবার্গের এক মুখপাত্র জানান, ঐতিহাসিক বাড়িটির যত্ন নেওয়া অব্যাহত রাখতে পেরে মার্ক জাকারবার্গ ও তার পরিবার আনন্দিত। তারা আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন।
এর আগে লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা এস্টেটটি কিনে সংস্কার করেন। প্রায় ২৫ বছর সেখানে থাকার পর তারা সম্পত্তিটি জাকারবার্গ পরিবারের কাছে বিক্রি করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, জাকারবার্গ পরিবার ঐতিহাসিক প্রাসাদ ও এর আশপাশের সম্পত্তির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে টেকসইভাবে বিনিয়োগ অব্যাহত রাখবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার