
গত ২৪ ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পৃথক পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় এলাকায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে আগামী আরও দুই দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা হাজারো মানুষ চরম উদ্বেগে দিন পার করছেন।
রোববার (৫ জুলাই) বিকেল থেকে সোমবার (৬ জুলাই) বিকেল পর্যন্ত ভারী বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে তিনটি এবং কক্সবাজার সদরে একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা নারী-শিশুসহ ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জন নিহত হন।
উখিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, জামতলী ক্যাম্পে পাহাড়ধসে একটি ঘর চাপা পড়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুসন্তান নিহত হন। এছাড়া কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর পৌরসভার ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে আলী আকবর (৪৬) নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৬৭ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং আরও দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

এদিকে ঈদগাঁও, পোকখালী, চৌফলদন্ডী, পেকুয়া, চকরিয়া, রামু, মহেশখালীসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এবং কক্সবাজার শহরের একাধিক এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে।
জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার