
বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন— এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণা আর বাস্তবায়ন করতে হচ্ছে না বলে নতুন এক পোস্টে জানালেন তিনি।
সোমবার (২০ জুলাই) ভোররাত সোয়া ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই মজার মন্তব্য করেছেন, আবার অনেকে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার প্রশংসা করেছেন।
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা।
পরে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে পরীমনি বলেন, মজার ছলে দেওয়া পোস্টটি নিয়ে তিনি বেশ বিপাকে পড়েছেন। কারণ, অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছেন এবং তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসলি নেবে। এখন তো অনেক বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না।’
বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর সেই হারেই শেষ হয়ে গেল পরীমনির বহুল আলোচিত ‘বিয়ে’ ঘোষণার গল্প।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার