
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ভিএআরের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কাতার ২০২২ বিশ্বকাপ ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো দাবি করেছেন, ওই ম্যাচে ভিএআর প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করা হয়নি এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশর।
ম্যাচের শুরুতেই গোল করে আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয় মিশর। পরে আফ্রিকান দলটির আরেকটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এবার সেই বিতর্কে যোগ দিয়ে ফার্নান্দো গেরেরো নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, রেফারি এবং ভিএআর—উভয়েই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, মিশরের বাতিল হওয়া গোলটি বৈধ ছিল এবং সেটি বাতিল করার কোনো যৌক্তিক ভিত্তি ছিল না।
গেরেরো ব্যাখ্যা করেন, কোনো সম্ভাব্য ফাউলের ঘটনা গোল বাতিলের কারণ হতে হলে সেটি আক্রমণের ধারাবাহিকতার (Attacking Possession Phase বা APP) সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে। কিন্তু এই ঘটনায় আর্জেন্টিনা বল হারানোর পর পুনরায় বল দখলে ফেরার একাধিক সুযোগ পেয়েছিল এবং নিজেদের রক্ষণভাগও গুছিয়ে নিয়েছিল। ফলে আগের ঘটনাকে ভিত্তি করে গোল বাতিল করা ভিএআর প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, ভিএআরের হস্তক্ষেপ তখনই গ্রহণযোগ্য, যখন আক্রমণের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে এবং প্রতিপক্ষের বল পুনরুদ্ধারের বাস্তব সুযোগ না থাকে। এই ম্যাচে সেই শর্ত পূরণ হয়নি বলেই তার দাবি।
গেরেরোর মন্তব্যের পর ম্যাচটির বিতর্ক আরও জোরালো হয়েছে। অনেকের মতে, মিশরের গোলটি বহাল থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। যদিও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা, তবে ভিএআরের এই সিদ্ধান্ত বিশ্বকাপের অন্যতম আলোচিত রেফারিং বিতর্ক হিসেবে আলোচনায় রয়ে গেছে।
উল্লেখ্য, ফার্নান্দো গেরেরো আন্তর্জাতিক ফুটবলের একজন অভিজ্ঞ রেফারি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি ভিএআর ও সহকারী ভিএআর (এভিএআর) হিসেবে মোট ১১টি ম্যাচে দায়িত্ব পালন করেন। এর মধ্যে আর্জেন্টিনা ও ফ্রান্সের ঐতিহাসিক ফাইনালেও তিনি এভিএআর হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর আর্জেন্টিনা–মিশর ম্যাচের ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার