
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। বিজ্ঞান বিভাগ থেকে তিনি এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তাঁর জিপিএ-৫ পাওয়ার তথ্য জানা যায়। ঢাকা কলেজের শিক্ষকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়েছিলেন ফাইয়াজ। সে সময় হাতকড়া ও দড়ি বেঁধে তাঁকে আদালতে হাজির করার ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাইয়াজকে আসামি করা হয়। ওই বছরের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ছিল ১৭ বছর। ২৭ জুলাই তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করেন। তবে পরদিন জন্মনিবন্ধন ও এসএসসি সনদ দেখিয়ে তাঁর অপ্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ দেওয়া হয়। পরে শিশু আদালত রিমান্ড বাতিল করে তাঁকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে হাজির করার সময় ফাইয়াজের হাতে হাতকড়া ও দড়ি বাঁধা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে এভাবে আদালতে হাজির করায় দেশজুড়ে সমালোচনা হয়। এ ঘটনায় শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে।
পরে ২০২৫ সালের জুলাইয়ে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলার তদন্তে ফাইয়াজের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করে তদন্তকারী সংস্থা। আদালত তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করলে মামলা থেকে অব্যাহতি পান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার