
সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার সকালে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন এক্টর স্পোর্টিংসহ বন্ধ হয়ে যাওয়া সাউথ চায়না লিমিটেড, গোল্ডট্রেক্স গার্মেন্টস লিমিটেড এবং গোল্ডট্রেক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
শ্রমিকরা অভিযোগ করেন, গত বছরের শেষ দিকে কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও এখনো তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করেও কোনো সমাধান মেলেনি বলে তারা জানান।
ভুক্তভোগীদের দাবি, মাসের পর মাস ধরে তারা পাওনার আশায় ঘুরছেন, কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা।
এক নারী শ্রমিক জানান, বেতন না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সন্তানদের পড়ালেখা ও দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
শ্রমিকরা দ্রুত বকেয়া পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার