
ভারতের আসামের কাজীরাঙ্গায় কনটেইনার ট্রাক ও মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ নভেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাজীরাঙ্গার রঙ্গাজানে একটি মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন।
স্থানীয় গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। উদ্ধারকাজ চলাকালে বাসের ভেতর থেকে মরদেহ বের করা হচ্ছিল। এ কারণে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছিল।
দুর্ঘটনার জন্য বাসের চালকের অতিরিক্ত গতিকে দায়ী করেছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং পার্ক এলাকার নির্ধারিত গতিসীমা অতিক্রম করেছিল। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
আহতদের কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: এনডিটিভি
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার