
ভারতের চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় আসাম ও কেরালায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এর মধ্যে আসামে ৮৫ জন এবং কেরালায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও কেরালায় সাতজন নিখোঁজ রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত দ্য হিন্দু-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন জানান, টানা ভারী বৃষ্টির কারণে রাজ্যজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) কেরালার ১০ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। রোববার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবিরে ১১ হাজার ১৮ জন আশ্রয় নিয়েছেন।
বন্যা পরিস্থিতির কারণে কেরালার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার। তিরুবনন্তপুরম, কোল্লাম, ত্রিশূর ও পালাক্কাড ছাড়া বাকি সব জেলায় কমলা সতর্কতা বহাল রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। রাজ্যের পাঁচ জেলায় এখনও প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। আগের দুই লাখের তুলনায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমেছে।
রোববার শিবসাগর জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যাজনিত কারণে আসামে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে সরকারি তথ্যে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার