
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ-পদায়ন ও বদলি বাণিজ্য, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন এবং বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অভিযোগে উল্লেখ করা আর্থিক লেনদেনের অঙ্ক যোগ করলে এর পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা বলে দুদক সূত্র জানিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্থাটি বলছে, অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হবে।
অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের বিষয়টি বিদেশে অর্থপাচর। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এর বাইরে সিটি করপোরেশনে নিয়োগ, বিভিন্ন পদে পদায়ন, উন্নয়ন প্রকল্প, টেন্ডার এবং ঘুস লেনদেনের নানা অভিযোগও রয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। ওই অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, পদোন্নতি, কেনাকাটা ও টেন্ডার কার্যক্রমে অনিয়ম এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়।
দুদকের ভাষ্য, নতুন অভিযোগগুলো আগের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।
অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা লেনদেনের কথা বলা হয়েছে। একই সঙ্গে সারা দেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা সর্বনিম্ন ও সর্বোচ্চ অঙ্ক বিবেচনায় ৩৬ জনের ক্ষেত্রে সম্ভাব্য লেনদেনের পরিমাণ ৭২ কোটি থেকে ৩৬০ কোটি টাকা হতে পারে। এসব তথ্যের সত্যতা অনুসন্ধানে যাচাই করবে দুদক।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার কার্যক্রমেও আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে।
এ ছাড়া আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৫৩ কোটি টাকা বরাদ্দ এবং সেই অর্থ গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুস সালামকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ১০ কোটি টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে।
এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানকে ৫২ কোটি টাকা ঘুসের বিনিময়ে নিয়োগ এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল লতিফ খানকে ৬৫ কোটি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগও করা হয়েছে।
পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
দুদকে দেওয়া অভিযোগে দাবি করা হয়েছে, বিদেশে মোট ১১ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এর মধ্যে—
অভিযোগে আরও বলা হয়েছে, এসব অর্থ দিয়ে বিদেশে বিলাসবহুল ভিলা কেনা এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে অর্থ রাখার অভিযোগও রয়েছে।
এ ছাড়া আসিফ মাহমুদের দুই বোনজামাই ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ করা হয়েছে।
অভিযোগের তালিকায় আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, এপিএস মোয়াজ্জেম হোসেন এবং পিও মাহফুজুল আলম ভূঁইয়ার নামও রয়েছে।
বিল্লাল হোসেন ও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঠিকাদারদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ করা হয়েছে। মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ঘুস লেনদেনে তদবির ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
এ ছাড়া হেলিকপ্টারে কম্বল বিতরণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে গুলিভর্তি ব্যাগ নিয়ে প্রবেশের ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পাঁচ তারকা হোটেলে নিয়মিত যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি ব্যবহারের বিষয়েও অভিযোগে প্রশ্ন তোলা হয়েছে।
এর আগে আসিফ মাহমুদ ছাড়াও সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক।
সেই অনুসন্ধানে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতিতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং পদোন্নতির পর পছন্দের কর্মস্থলে পদায়নের জন্য ২ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠে আসে।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কার্যক্রমে একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি অনুসন্ধান দল দায়িত্ব পালন করছে।
নতুন অভিযোগ যুক্ত হওয়ায় আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের পরিধি আরও বিস্তৃত হয়েছে। নিয়োগ-পদায়ন থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প, টেন্ডার, সিটি করপোরেশনের প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিদেশে অর্থপাচারের মতো একাধিক বিষয় এখন অনুসন্ধানের আওতায়।
বিশেষ করে চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছে দুদক।
তবে অভিযোগে উত্থাপিত আর্থিক লেনদেন ও অনিয়মের তথ্য এখনো অনুসন্ধানাধীন। এসব অভিযোগের সত্যতা অনুসন্ধান শেষে প্রমাণিত হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার