
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে এক জেলে বোট মালিককে বিষয়টি জানান। এরপর বোট মালিক কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন।
খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলা উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে বিকল বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার করা জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 



















