
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিতর্কের মধ্যে এবার তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফুটবল অ্যাসোসিয়েশন।
বিশেষ করে ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি খাতে বিক্রির প্রস্তাব ঘিরে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। ব্যাপক বিরোধিতার পর সেই পরিকল্পনা প্রত্যাহার করা হলে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন তার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক ফুটবলের স্বার্থ রক্ষা করে এমন সব উদ্যোগের পাশে থাকবে তারা।
বিবৃতিতে বলা হয়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফিফা বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। ইউরোপের শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন পক্ষ এই উদ্যোগের বিরোধিতা করে।
এমন পরিস্থিতিতে প্রস্তাবটি বাতিল করার সিদ্ধান্ত নেন ইনফান্তিনো।
ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে ভবিষ্যতে ফুটবলের উন্নয়ন, সমর্থকদের স্বার্থ এবং আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের কল্যাণ বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তাব সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানিয়েছে।
শেখ হামদান বিন মুবারক বলেন, আন্তর্জাতিক ফুটবলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে—এমন সব উদ্যোগের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।
বিবৃতির শেষে ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার