
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি তাদের নৈতিকতা কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা থাকলেও ফিফা এক বছরের জন্য নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করায় তিনি বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন।
খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ফোনালাপের পর ফিফা এ সিদ্ধান্ত নেয়। সংস্থাটি তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদের আওতায় নিষেধাজ্ঞা স্থগিত করে। ওই বিধান অনুযায়ী, ডিসিপ্লিনারি কমিটি প্রয়োজনে পূর্বে দেওয়া কোনো নিষেধাজ্ঞার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখতে পারে।
ফিফার এ সিদ্ধান্তের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বেলজিয়ামও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। পরে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার অভিযোগ করে, ইনফান্তিনো রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য আইওসির কাছে আবেদন জানায়।
তবে আইওসির এক মুখপাত্র জানান, অভিযোগটি ফিফার অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হওয়ায় এটি আইওসি নৈতিকতা কমিশনের আওতায় পড়ে না।
তিনি বলেন, অলিম্পিক সনদ অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন তাদের শাসন ও কার্যক্রম পরিচালনায় স্বাধীন ও স্বায়ত্তশাসিত। আন্তর্জাতিক ফেডারেশন ও তাদের কর্মকর্তাদের ক্ষেত্রে আইওসি নৈতিকতা বিধির প্রয়োগ কেবল আইওসির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়েই সীমাবদ্ধ।
আইওসি আরও জানায়, ফিফা সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব শাসন, সরকারগুলোর সঙ্গে সম্পর্ক এবং ক্রীড়া বিধি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত। ফলে এসব বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের নেই।
সূত্র: রয়টার্স
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার