
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক ও পারিবারিক সূত্রের বরাতে এমন আলোচনা সামনে এসেছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। গত কয়েক মাস ধরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগ সীমিত থাকায় এবং সাম্প্রতিক সময়ে চোখের অস্ত্রোপচারের পর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে পরিবারের দাবি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার-কে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম অভিযোগ করেন, তাদের বাবাকে দীর্ঘদিন ধরে বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং স্বাভাবিক যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। ইমরানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও তার স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করে চিকিৎসার স্বার্থে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছিলেন। একই ধরনের কোনো সমঝোতার আওতায় ইমরান খানও মুক্তি পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে সে ক্ষেত্রে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা কিংবা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার মতো শর্ত আরোপ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান আপসহীন অবস্থানের জন্য পরিচিত। ফলে এমন কোনো শর্ত সহজে মেনে নেওয়ার সম্ভাবনা কম। মানবাধিকার আইনজীবী ও তার ব্যক্তিগত বন্ধু ক্লাইভ স্টাফোর্ড স্মিথও মনে করেন, ইমরান নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না।
উল্লেখ্য, ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এ ধরনের আলোচনায় সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলাগুলোর নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হবে এবং চিকিৎসাজনিত কারণে তার জামিনের কোনো আইনগত ভিত্তি নেই।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার