
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে আলোচনার কমতি নেই। এমন পরিস্থিতিতে ইয়ামালকে কীভাবে থামানো হবে—এমন প্রশ্নের জবাবে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে থামানোর কৌশল জানতে চাইলে স্কালোনি হেসে বলেন, ‘ইয়ামালকে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো ওকে তার রুমে তালাবদ্ধ করে রাখা।’
রসিকতার পর অবশ্য স্পেনের ১৯ বছর বয়সী এই উইঙ্গারের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে একটি বড় সম্পদ। এখনও সে অনেক তরুণ, ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু উপহার দেওয়ার সামর্থ্য তার রয়েছে।’
তবে আর্জেন্টিনার পরিকল্পনা শুধু ইয়ামালকে ঘিরে নয়, পুরো স্পেন দলকে নিয়েই বলে জানান স্কালোনি। তিনি বলেন, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গত বছরের ডিসেম্বর থেকেই স্পেনকে বিশ্লেষণ করে আসছে তার কোচিং স্টাফ।
এ সময় আবারও মজার ছলে তিনি বলেন, ‘স্পেনের সবকিছুই আমাদের ভাবাচ্ছে। অবশ্য আমরা চেষ্টা করব তাদের কোচকে যেন হোটেলেই রেখে আসা যায়!’—এ কথা বলেই উপস্থিত সংবাদকর্মীদের হাসির রোল তোলেন তিনি।
পরে তিনি যোগ করেন, ‘ডিসেম্বর থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনকে বিশ্লেষণ করছি। তবে অন্য দলগুলোর তুলনায় বেশি নয়। তারা কীভাবে খেলে, সেটা আমরা ভালোভাবেই জানি। অতিরিক্ত বিশ্লেষণও সবসময় ভালো নয়।’
সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। বিশ্বকাপের এই ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে কি না—এ বিষয়ে স্কালোনি বলেন, ‘আমি জানি না। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। মেসি সবসময়ই আমাদের চমকে দেয়। এই প্রশ্নের উত্তর তার কাছ থেকেই পাওয়া উচিত। এ নিয়ে আমি তার সঙ্গে কোনো আলোচনা করিনি।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার