ইরানে চলমান অর্থনৈতিক সংকট, নিষেধাজ্ঞা ও মুদ্রাস্ফীতির প্রভাবে নিত্যপণ্যের পাশাপাশি বিলাসবহুল ইলেকট্রনিক পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) মডেলটি যুক্তরাষ্ট্রে যেখানে প্রায় ১,২০০ ডলারে বিক্রি হচ্ছে, সেখানে ইরানের কিছু দোকানে এর দাম পৌঁছেছে প্রায় ৫০০ কোটি রিয়াল পর্যন্ত। যা ডলারে রূপান্তর করলে প্রায় ২,৭৫০ ডলারের সমান।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের কারণে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। বর্তমানে ১ মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানা গেছে।
শুধু প্রযুক্তিপণ্য নয়, খাদ্য, ওষুধ, গাড়ি ও শিল্পপণ্যসহ প্রায় সব খাতেই দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে এবং আয়-ব্যয়ের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে কর্মসংস্থান পরিস্থিতিও চাপের মুখে রয়েছে। বড় শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও ইস্পাত কারখানাগুলো কর্মী ছাঁটাই বা উৎপাদন সীমিত করতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অব্যবস্থাপনা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইন্টারনেট শাটডাউনের মতো পরিস্থিতি সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে রিয়ালের দরপতন অব্যাহত থাকায় সাধারণ মানুষের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
প্রতিবেদকের নাম 






















