ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতির জেরে পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে ফেরত পাঠানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে আমিরাত থেকে শত শত পাকিস্তানি শ্রমিককে আটক ও দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই জানিয়েছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, এপ্রিলের মাঝামাঝি থেকে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের অনেক পাকিস্তানিকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণহারে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শুধুমাত্র অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাতে বসবাসকারী প্রায় ২০ লাখ পাকিস্তানির বড় একটি অংশ শ্রমিক হিসেবে কাজ করেন এবং তারা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান। এমন পরিস্থিতিতে শ্রমিক বহিষ্কারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান ও আঞ্চলিক জোটগত সমীকরণকে ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়েছে। তবে উভয় দেশই আনুষ্ঠানিকভাবে সম্পর্ক খারাপ হওয়ার কথা স্বীকার করেনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার