
পশ্চিম তীরের ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম ফেডারেল সরকার। এর মাধ্যমে স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের পর চতুর্থ ইউরোপীয় দেশ হিসেবে ইসরাইলি বসতি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল বেলজিয়াম।
২০২৫ সালের সেপ্টেম্বরেই নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধ ও দীর্ঘ আলোচনার কারণে তা বাস্তবায়নে বিলম্ব হয়। শেষ পর্যন্ত সরকারের গ্রীষ্মকালীন ছুটির আগে শনিবার (১৮ জুলাই) রাতে মন্ত্রিসভার দীর্ঘ বৈঠকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। তবে এখনো আইনের খসড়া প্রকাশ না হওয়ায় এর বিস্তারিত তথ্য জানা যায়নি।
বেলজিয়ামের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি আইনপ্রণেতা শারেন হাস্কেল। তিনি বলেন, বেলজিয়াম এমন একটি অবস্থানে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসার পথ নেই।
বেলজিয়ামের কট্টরপন্থী সংসদ সদস্য স্যাম ভ্যান রয়ও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থেকে শুধু ইসরাইলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, এই নিষেধাজ্ঞার ফলে হাজারো ফিলিস্তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা সরকার বিবেচনায় নেয়নি।
অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেলজিয়ামের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির বেলজিয়াম শাখার অ্যাডভোকেসি কর্মকর্তা নাথালি জ্যানে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, দেরিতে হলেও বেলজিয়ামের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক অগ্রগতি এবং এর ফলে ইউরোপীয় ইউনিয়নের পর্যায়েও এমন পদক্ষেপ নেওয়ার চাপ বাড়তে পারে।
তবে বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, শুধু পশ্চিম তীরের বসতিগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, কিন্তু গোলান মালভূমিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এনজিও ‘ব্রোডারলিজেক ডেলেন’-এর পলিসি কর্মকর্তা রিকর্ট হোরেম্যানস বলেন, গোলান মালভূমিকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক বা আইনি কারণ নেই। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, সরাসরি আমদানি নিষিদ্ধ হলেও অন্য ইউরোপীয় দেশের মাধ্যমে এসব পণ্য বেলজিয়ামের বাজারে প্রবেশ করতে পারে।
সূত্র: জেরুজালেম পোস্ট।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার